রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: যে কারণে সুপ্রিম কোর্টকে চিঠি দিল ইসি

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়মের বিচার করতে গঠিত অনুসন্ধান ও বিচারিক কমিটির কাজকে বিচারিক কাজ হিসেবে গণ্য করার জন্য সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এর আগে ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন উপনির্বাচন উপলক্ষ্যে দু'জন যুগ্ম জেলা ও দায়রা জজ, সিভিল জজকে নিয়ে তিনটি কমিটি গঠনের আদেশ জারি করেন।

 

জারি করা আদেশে বলা হয়েছে, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ৯১এ ও ৯১এএ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট আইনের আওতায় নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করবে। ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব পেয়েছেন ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা। রুহিয়া উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের সিভিল জজ মো. তোসিকুল আলমকে। আর ভূল্লী উপজেলার দায়িত্ব পালন করবেন রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান।

 

নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে অনুসন্ধান করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠাবেন। নির্বাচনের এই কাজকেই বিচারিক কাজ হিসেবে গণ্য করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ দিদারুল হোসাইন৷ তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

 



সম্পর্কিত খবর