চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীর কবিরহাটে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি, পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টালের নামে মনগড়া ফটোকার্ড বানিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এবং মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা শহরে দৈনিক নোয়াখালী প্রতিদিনের কার্যালয়ে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন মিশুর বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি কবিরহাটের একটি রড ডাকাতি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার হয়েছেন মর্মে বিভিন্ন ভুয়া আইডি থেকে ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার চালানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানির উদ্দেশ্যে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শুধু তা-ই নয়, কবিরহাট থানা পুলিশ সম্পূর্ণ মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তবে মামলাটি মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা হয়েছিল।

সংবাদ সম্মেলন থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি, মিথ্যা মামলা থেকে নূর উদ্দিন মিশুর মুক্তি ও সঠিক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 


সম্পর্কিত খবর