রংপুর

পুলিশের চোখ ফাঁকি দিতে বাড়িতে ১৫ সিসি ক্যামেরা, অবশেষে জালে ফকির চাঁন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রাতের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক মাদক কারবারি মো. ফকির আলী ওরফে ফকির চাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফকির চাঁন রৌমারী থানার খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাসেল কবিরের তত্ত্বাবধানে থানা পুলিশের বেশ কয়েকটি আভিযানিক দল ও রাতের জরুরি টহল টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকির চাঁন দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক কারবার চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে এবং গ্রেপ্তার এড়াতে তিনি নিজ বাড়িতে ১৫টি সিসি ক্যামেরা বসিয়েছিলেন। তবে এর আগেই পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরাগুলো জব্দ করে। এর আগে বেশ কয়েকবার অভিযান চালিয়েও তাকে ধরা সম্ভব হয়নি; অবশেষে পুলিশের বিশেষ কৌশলে তিনি জালে পড়েন।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, আটক ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর এবং শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তার নামে সাজাপরোয়ানাসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এলাকাকে মাদকমুক্ত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 


সম্পর্কিত খবর