খুলনা

প্রায় ১১ কোটি টাকা বকেয়া গ্র্যাচুইটির দাবিতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

প্রায় ১১ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রোববার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী ভারিশিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তারা শিল্প উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারকলিপি মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা জানান, মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ না পাওয়ায় তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বছরের পর বছর মিলটির দপ্তরে দপ্তরে ঘুরেও টাকার অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারা গেছেন। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহম্মদ এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল জানান, মোবারকগঞ্জ সুগার মিল হলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অবসর গ্রহণের পরও গ্র্যাচুইটির ন্যায্য টাকা পেতে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো ফল পাননি। এখন শেষ বয়সে এসে অনেকেই নিজেদের পরিবারের কাছে বোঝা হয়ে আছেন। নেতৃবৃন্দরা ঘোষণা করেন, পাওনা টাকার দাবিতে তারা আগামী ২৬ অক্টোবর বিসিআইসির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

 

এ বিষয়ে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা টাকার কথা স্বীকার করে বলেন, স্মারকলিপির অনুলিপি চিনি শিল্পের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। হেড অফিসই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।



সম্পর্কিত খবর