বরিশাল

বামনায় বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, থানায় মামলা

বরগুনার বামনা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হানিফ খান (৫৫), মোসা. কহিনুর বেগম (৫০) ও আল আমিনের (৩৫) বিরুদ্ধে বামনা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মেয়ে মোসা. ডালিমা আক্তার।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে বামনা উপজেলার ২ নম্বর বামনা ইউনিয়নের আমতলী এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা মনোয়ারা বেগমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে লোহার রড ও কাঠের চেরা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এজাহারে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

নিহতের মেয়ে মোসা. ডালিমা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সঙ্গে অভিযুক্তদের জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই তাঁর মাকে মারধর করা হয়েছে। বামনা থানার মামলা নম্বর: ০৬, তারিখ: ১৪/০৮/২৬ খ্রি.।

এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। মামলায় ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে বরগুনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।"

 


সম্পর্কিত খবর