খবর প্রতিদিন

বালাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ

 



সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি দুই শিক্ষকের সন্তানদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ হওয়ার খবর পাওয়া গেছে। এতে বঞ্চিত হয়েছে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ডি.এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ আব্দুল হান্নান। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই শিক্ষার্থীর অভিভাবক উপজেলা মাধ্যমিক কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।

সূত্র জানায়, উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাতালিকায় ১ম-৩য় স্থান অর্জনকারী ছয় জন করে মোট ৯০টি ট্যাব বিতরণ করা হয়েছে গত বুধবার (৩০ মার্চ) । বিতরণে ভিন্নতা দেখা যায় বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটিতে দুইটি বিভাগ রয়েছে। মানবিক ও বিজ্ঞান বিভাগ। বৈষম্য মূলক ভাবে বিজ্ঞান বিভাগের ছয় জনকে এ ট্যাব দেওয়া হয়। মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় কারো নাম দেওয়া হয়নি।

এর মধ্যে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষকদের সন্তানদের নাম রয়েছে। মেধাতালিকা অনুযায়ী প্রথম তিন জন শিক্ষার্থীর নাম থাকার কথা থাকলেও প্রধান শিক্ষকের ছেলের মেধাতালিকায় রোল নম্বর পাঁচের বাহিরে। প্রধান শিক্ষক নিজ পুত্রকে তিন (০৩) নম্বর দেখিয়ে তালিকা প্রদান করেন। এরকম স্বজনপ্রীতি ও অনিয়ম দেখে ঘটনাস্থলে এক শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্টদের অভিযোগ করেন। অভিভাবক তার মেয়ের বেতনের রশিদ নিয়ে প্রমাণ করেন তাঁর মেয়ে মেধাতালিকা তিন নম্বরে রয়েছে।

অভিযোগকারী আব্দুল হান্নান বলেন, ট্যাব বিতরণে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

অভিযোগের ব্যাপারে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এর সরকারি ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পরও তিনি রিসিভ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব বলেন, অভিযোগের তাৎক্ষনিক সত্যতা পেয়ে প্রধান শিক্ষকের ছেলের নাম বাতিল করা হয়। এক শিক্ষার্থীর অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সারাদেশে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরন করা হয়। জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। এরপর শুমারী শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
 
 


সম্পর্কিত খবর