দেশের খবর

বিয়াই হলেন তারা

জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী ও সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এখন থেকে বিয়াই হলেন। 

জানা যায়,  চলমান এসএসসি পরীক্ষায় দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ৪১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২৭ ফেব্রুয়ারি ছিল ইসলাম ও নৈতিকতা (১১১) এবং হিন্দু ও নৈতিক শিক্ষা (১১২) বিষয়ের পরীক্ষা। ওই দিনের পরীক্ষায় মোট ১ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১২ জন। আর অনুপস্থিত থাকে ২ জন। খোঁজ নিয়ে জানা যায়, অনুপস্থিত পরীক্ষার্থীর একজন দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার রবিউল ইসলাম। অন্য জন একই ইউনিয়নের শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার লায়লা আক্তার। কেন্দ্রের বিভিন্ন শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকের মাধ্যমে প্রকাশ-তারা দুজন প্রেমঘটিত কারণে আগের দিন বাড়ি থেকে পালিয়েছে। অনুসন্ধানে জানা যায়, তারা দুজন সোমবার সন্ধ্যায় দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নলদাইর গ্রামের কামাল মেম্বারের বাড়িতে গিয়ে ওঠে। রবিউল সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। আর লায়লা একই ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের লালমিয়ার মেয়ে। কামাল মেম্বার এ বিষয়ে জানান, উভয় পক্ষের অভিভাবকদের ডেকে বিষয়টি মীমাংসার ব্যর্থ হয়েছেন। পরে রবিউল তার তার মা-বাবা ও প্রেমিকা লায়লাকে নিয়ে রাতেই ঢাকায় চলে গিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় শিক্ষকদের মন্তব্য- যেহেতু শিক্ষার্থীরা শিক্ষকের সন্তানতুল্য। সেহেতু শিক্ষকরাও শিক্ষার্থীদের পিতৃতুল্য। তাই ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এখন থেকে বিয়াই হলেন।



সম্পর্কিত খবর