নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর মারওয়ান হোসেন বিজয় হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দেলু উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।
র্যাব জানায়, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব শত্রুতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এক ব্যক্তিকে মারধর করছিল একদল সন্ত্রাসী। সে সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় ওই ব্যক্তিকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করেন। এতে সন্ত্রাসীরা বিজয়ের ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা ও ছোরা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, বিজয় হত্যা মামলার ২ নম্বর আসামি দেলু মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।