খাগড়াছড়ির মাটিরাঙায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, এবং প্রধান আলোচক ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর মুহাম্মদ আবদুল লতিফ। পার্বত্য জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহিম উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন মাটিরাঙা প্রেসক্লাবের জসিম উদ্দিন জয়নাল।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে উপদেশমূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, "তোমাদের পরিবার অনেক আশা নিয়ে বিদ্যালয়ে পাঠিয়েছে, সেই প্রত্যাশা পূরণে তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। আগে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করো, তাহলে জীবনের শেষ লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে। যদি সিদ্ধান্ত নিতে ভুল করো, তাহলে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়বে।"
বক্তারা আরও উল্লেখ করেন, পার্বত্য জেলা পরিষদের যেমন বদনাম রয়েছে, তেমনি সুনামও রয়েছে। বৃত্তি প্রদানের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা। তাঁরা বলেন, "দুর্গম এলাকা থেকে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, তাহলে তোমরা কেন নয়? যারা পড়াশোনায় ভালো ফলাফল করেছে, তারাই ভালো জায়গায় স্থান পেয়েছে। আর যারা পড়াশোনা করেনি, তারাই রাস্তায় পড়ে রয়েছে।"
পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে গরীব ও মেধাবী ২১ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও দুটি শিক্ষা প্রতিষ্ঠান— মাটিরাঙা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এবং গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা-য় কম্পিউটার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূরুল আবছার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ। সলিম উল্লাহ, অধ্যক্ষ, মাটিরাঙা ইসলামীয়া দাখিল মাদ্রাসা। আবুল হাশেম, প্রধান শিক্ষক, মাটিরাঙা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ইমাম উদ্দিন, প্রতিনিধি, মাটিরাঙা সরকারি পাইলট হাই স্কুল। জয়নাল আবেদিন, অধ্যক্ষ, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসা। মো: এরশাদ, প্রধান শিক্ষক, আলুটিলা উচ্চ বিদ্যালয়।
মাটিরাঙা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম সহ সাংবাদিক, শিক্ষার্থী প্রমুখ।