দেশের খবর

মাদারীপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাদারীপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে জেলা বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জেলার বিভিন্নস্থানে দাবি দাওয়া সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এসময়ে আসন্ন নির্বাচন বর্জন করতে জনগণকে আহ্বান জানানোর পাশাপাশি, তত্বধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবি তোলেন দলীয় নেতাকর্মীরা। 

বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন জেলার নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। লিফলেট বিতরণের সময় মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি তার পরেও রাজপথে ছিলাম, এখনো আছি। এই অবৈধ নির্বাচন বাতিলসহ নিশিরাতের সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।



সম্পর্কিত খবর