নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো হেলাল উদ্দিন (৫৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া তিনজন হলেন—সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। এর আগে দুর্ঘটনার দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রায়েশা বেগম (৫৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একই পরিবারের চারজন নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে ১৪ জন যাত্রী পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। এ ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।