রাজশাহী

রাণীনগরে সড়কে গণছিনতাই: মারধরে ৪ পথচারী আহত

নওগাঁর রাণীনগরে সড়কে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে ৪ জন পথচারী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি এবং তাঁর বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন, বাশার আহম্মেদ ও বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী ২টি মোটরসাইকেলে আবাদপুকুর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে হাফপ্যান্ট ও মুখোশ পরা চারজন ছিনতাইকারী ধারালো ছুরি এবং লোহার রড উঁচিয়ে তাঁদের চারজনকে মারধর করে সড়কের পাশে বসিয়ে রাখে। এরপর তাঁদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। হাঁসুয়ার পিঠ দিয়ে কোপ দেওয়ায় শামীম আহত হন। তবে ছিনতাইকারীরা ওই স্থানে আরও কয়েকজনকে গাছের সাথে বেঁধে রেখেছিল বলে জানান সুজন।

উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি ও একই গ্রামের দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে তাঁরা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান এবং মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। পরে তাঁদের হাঁসুয়া ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে কাছে থাকা টাকাপয়সা ও তিনজনের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল এলে ওই চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তারা চলে যেতে বললে ফয়সাল ওই মোটরসাইকেলের পেছনে উঠে গ্রামে এসে লোকজনকে খবর দেন। গ্রামবাসী ছুটে গিয়ে তাঁর বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। তিনি আরও বলেন, “আমি ও তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছি। তবে ইউসুফের হাত ভেঙে যাওয়ায় ও গুরুতর জখম হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইকারীরা প্রায় ৮ জনের কাছ থেকে মোট ২০–২৫ হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



সম্পর্কিত খবর