রাজশাহী

রাণীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী (বা এজেন্ট) ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেলে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণে মোবাইল টাওয়ারের নিকট পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে পথচারীরা আহত অবস্থায় ওই দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

 


সম্পর্কিত খবর