নওগাঁর রানীনগরে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুসের গোয়ালঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক আব্দুল কুদ্দুস জানান, মঙ্গলবার রাতে গরুগুলো বাড়ি সংলগ্ন গোয়ালঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় দেখেন শয়নকক্ষের দরজার বাইরে তালা দেওয়া। প্রতিবেশীদের সহায়তায় তালা খুলে বাইরে বের হন। এরপর গোয়ালঘরে গিয়ে দেখতে পান চোরেরা চারটি গরুই নিয়ে গেছে। তার একমাত্র সম্বল গরুগুলো চুরি হওয়ায় ঋণের দায় মেটানো নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। গরু চারটির মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।