দেশের খবর

শবে বরাতের রাতে পাঁচ জুয়াড়ী আটক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে রোববার শবে বরাতের রাতে ৫ জুয়াড়ীকে আটক করে পুলিশ। পরদিন সকালে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় কোর্টে প্রেরণ করা হয়। জুয়াড়ীরা ওই দিনই কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসে। স্থানীয়সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ছিল মুসলমানদের পবিত্র লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাত। এ রাত উপলক্ষে মুসুল্লীরা ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। সে সুযোগে তারা স্থানীয় বয়াত আলী বাড়িতে তাসের মাধ্যমে জুয়া খেলায় মত্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে বয়াত আলী (বাড়ি মালিক), মৃত ওমেদ আলীর ছেলে ফজলুল হক, সহির আলীর ছেলে ফারুক মিয়া, কোব্বাদ আলীর ছেলে আব্দুল জলিল ও মৃত ছমির মন্ডলের ছেলে ফরহাদ আলী ওরফে ফকির মিয়া। স্থানীয় ওয়ার্ড মেম্বার সুলতানা পারভীন ঘটনার সত্যতা স্বীকার করেন।



সম্পর্কিত খবর