আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় আসন-১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন ৭ প্রার্থী। নির্বাচন যতই নিকট থেকে নিকটতর হচ্ছে। প্রার্থীরা ততই ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। শেষ মূহুর্তের হিসেব মেলাতে ঘাম ঝরছে প্রার্থীদের। তাই তারা তৃণমূল নেতা-কর্মী, ভোটার ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। নতুন বছরের প্রথম দিন ট্রাক প্রতীকের প্রার্থীকে মহাদান ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেছেন। এর অংশ হিসেবে বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের অভিমত- সরিষাবাড়ীতে এবার নৌকা-ঈগল-ট্রাকের ত্রিমুখী লড়াই হবে। ভোটারদের মন জয় করে কে হবেন এ আসনের সংসদ সদস্য এখন শুধু তা দেখার পালা। এ জন্য আগামী ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।
প্রার্থীদের মধ্যে সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক), জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাসদের প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল), বিএনএফ এর প্রার্থী তারেক মাহাদী (টেলিভিশন) ও তৃণমূল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম টোকন (সোনালী আঁশ)।
তবে নির্বাচনী মাঠে-ময়দানে শুধু সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) এর নাম বেশি শোনা যাচ্ছে। নির্বাচনের এখনও আরও কয়েক দিন বাকি রয়েছে। এর মধ্যে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী প্রেক্ষাপট পাল্টাতেও পারে। এ আসনের একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৮৯ টি কেন্দ্রের অধীন মোট ভোটার সংখ্যা ২,৮৯,২৬১ জন। এর মধ্যে পুরুষ ১,৪৩,৮৭৩ জন, মহিলা ১,৪৫,৩৮৭ জন ও হিজড়া ১ জন। রাজনৈতিক মেরুকরণ ও ভোটের সমীকরণ বলছে- মোট ভোটারের ৪০% আওয়ামীলীগের, ৪০% বিএনপির ও অবশিষ্ট ২০% অন্যান্য দলের। নির্বাচনী জটিল অঙ্কের হিসেব মতে- নৌকার ৪০% ভোটের মধ্যে এবার সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদ (ট্রাক) এ তিন জনের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। অপরদিকে বিএনপি’র প্রার্থী না থাকায় একটি বড় অংশ তাদের পছন্দের প্রার্থীর দিকে যাবে। সে ক্ষেত্রে বিএনপি’র ভোট আপাতত সরকার দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ডা. মুরাদ হাসান (ঈগল) এর ভাগ্যে জুটবে না। কারণ হিসেবে অনেকেই মন্তব্য করেছেন- আর যাই হোক বিএনপি ও সমমনাপন্থীরা কখনোই নৌকায় ভোট দেবে না। আর স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বর্তমান এমপি। তিনি নৌকার এমপি হিসেবেই নির্বাচিত হয়েছেন। তাই তাকেও ভোট দেবে না। আবার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচন তথা ভোট বর্জনের ডাকও দিয়েছে। যদি তা বাস্তবায়ন করেই ফেলে সেক্ষেত্রে ভোটের হিসেবের গড়মিল হবে। তাই এখনি চূড়ান্তভাবে হিসেব-নিকেশ করা হচ্ছে না।
অথচ বিজয়ের আশায় বুক বেঁধে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটার টানার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ জন্য তারা দিন রাত প্রচার-প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণের পাশাপাশি মিছিল-মিটিং করছেন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। ক্যাম্পগুলোতে দিন-রাত চলছে চায়ের আড্ডা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত ক্যাম্পে ক্যাম্পে কর্মী-সমর্থক-ভোটারদের আনাগোনাটা বেশিই লক্ষ্য করা যাচ্ছে। এখন শুধু অপেক্ষার পালা। দেখা যাক ৭ জানুয়ারি ভোটের ফলাফলে বিজয়ের হাসি কে হাসেন।