ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুর মুকুল শেখের বটির কোপে লিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা লিমাকে আহত ও রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লিমার স্বামী আব্দুর রব নিশ্চিত করেছেন যে, তাঁর মানসিক প্রতিবন্ধী পিতাই স্ত্রী লিমাকে খুন করেছেন।
এদিকে, ঘটনার পর থেকেই নিহত লিমার শ্বশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুকুল শেখই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।"