দেশের খবর

শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত নিধন

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে পচনশীল কীটনাশক ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির সবজি (পুঁই ক্ষেত) কেটে নিধন করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার বগুড়া ইউনিয়নের বাড়ইহুদা গ্রামের মাঠে ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, ওই গ্রামের মোঃ মুন্নাফ বিশ্বাস একজন গরীব প্রান্তিক কৃষক। চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তাঁর। এ বছর বাড়ির পাশের ২০ শতক জমিতে পুঁই শাক চাষ করেন তিনি। ফলনও মোটামুটি ভালো হয়।

বুধবার সকালে তার স্ত্রী ক্ষেতে গিয়ে দেখতে পান জমির সব সবজির রং কালচে-সাদাটে হয়ে গিয়েছে। স্ত্রীর কাছে খবর পেয়ে জমিতে যান ওই কৃষক। এ খবর প্রতিবেশিদের মধ্যে ছড়িয়ে পড়লে শতশত কৃষক ছুটে এসে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। তাদের মধ্যেও দেখা দেয় হতাশা।

কৃষক মুন্নাফ বিশ্বাস বলেন, চলতি সপ্তাহের যে কোনো রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সামাজিক মাতব্বরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  



সম্পর্কিত খবর