ফরিদপুরের সদরপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে চারটি পরিবার। আজ রবিবার দুপুরে চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামের টেক ধৈদ্য ডাঙ্গী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আজ রবিবার আনুমানিক ১টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে মোলামের টেক ধৈদ্য ডাঙ্গী গ্রামের ভক্ত বৈদ্যের রান্না ঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয় । নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে তার পাশের রনজিৎ বৈদ্য, সনজিৎ বৈদ্য, সাগর বৈধ্য ও ভক্ত বৈদ্যের ৪টি বসত ঘর ও ৪টি রান্না ঘর, ও ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং বিভিন্ন আসবাবপত্র আগুনে ভূস্মীভূত হয়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। সদরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার মোঃ ইলিয়াস মোল্যা জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনি। তিনি আরো বলেন রান্না ঘর থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ৪টি পরিবারের ২০ সদস্য খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।