ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় শেখ ইমন নামের স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) রাতে শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শেখ ইমন। ভুক্তভোগী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সঙ্গে দেখা হয় তার। এসময় সে ইমনকে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে এনে মারপিট করতে গেলে স্থানীয়রা তাকে বাঁধা দেয়।
এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, 'আমি ও আমার পরিবার শঙ্কার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।'
এ সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাদান কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।