সিলেটের জনসভা থেকে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমেরিকা আমাদের এই সম্পদ গ্যাস ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো আমাকে। কিন্তু আমি এতে রাজি হইনি। আমি বলেছি- আমার দেশের জনগণের কল্যানে এগুলো ব্যবহার করবো। ৫০ বছরের গ্যাস মজুত রেখে অবশিষ্ট থাকলে বিক্রি করবো। কিন্তু জনগণ যাদেরকে ক্ষমতা থেকে বিতাড়ি করেছিলেন- সেই বিএনপি আমেরিকাকে গ্যাস বিক্রয়ের মুচলেকা দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়।
প্রধানমন্ত্রী বলেন- আল্লাহ জন বুঝে ধন দেন। বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে। বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো, কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।
নির্বাচনী এই জনসভার মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। বিকাল ৪টা ২০ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি সিলেটের সার্বিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে উপস্থিত জনতার মধ্যে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘আবার আসিবো ফিরে এই সিলেটে। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।