স্বর্ণের চোরাচালান ধরিয়ে দেওয়ার জেরেই ঝিনাইদহের মহেশপুরে প্রকাশ্যে শামীম হোসেন ও মন্টু মিয়া নামের দুই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। জোড়া খুনের ঘটনা নিয়ে এলাকার মানুষ নানা আলোচনা করছেন। ঘটনাস্থল তরিকুল ইসলামের বাড়ির সামনে লোকজন আসছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা তরিকুল ও তাঁর ছেলে সাইদুল ইসলাম বাড়িতে নেই। এলাকাবাসীর ধারণা, তাঁরা ভারতে পালিয়ে গেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা ৫ কিলোমিটারজুড়ে বাঘাডাঙ্গা গ্রাম। গ্রামটিতে প্রায় ১৩ হাজার মানুষের বসবাস। যাঁদের বেশির ভাগের পেশা কৃষি। গ্রামে ৬০-৭০ জন মানুষ আছেন, যাঁরা চোরাকারবারির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে ৭-৮ জন আগে গরু চোরাচালান করলেও এখন স্বর্ণ চোরাচালান করেন। গতকালের ঘটনায় জড়িত ব্যক্তিরাও স্বর্ণের চোরাচালান করে বলে তাঁরা কয়েকজন জানান। ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাঁরা মারা গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা বলেন, সম্প্রতি বিজিবির হাতে স্বর্ণের একটি চালান ধরা পড়ে। বাঘাডাঙ্গা গ্রামের তরিকুল ওই চালান ধরিয়ে দেন বলে দোষারোপ করেন অন্য কারবারিরা। এ নিয়ে শামীম, তাঁর বড় ভাই রফি উদ্দিন ও চাচা মন্টু মণ্ডলের সঙ্গে তরিকুলের রেষারেষি শুরু হয়। দুই মাস আগে বাঘাডাঙ্গা বাজারে মারামারিও হয়। ঘটনার দিনে শামীম-মন্টুরা তরিকুলের বাড়িতে হামলা করেন। তখন তরিকুল সিঁড়ি বেয়ে প্রাচীরের ওপর উঠে গুলি চালান।
তরিকুলের প্রতিবেশীদের ভাষ্য, তরিকুলের বাড়িতে হামলা হলে তিনি প্রথমে অস্ত্র বের করে তাঁদের (শামীম-মন্টু) চলে যেতে বলেন। তাঁরা না যাওয়ায় তিনি গুলি চালান। এতে দুজন নিহত হন। ঘটনার পর থেকে তরিকুল ছেলেকে নিয়ে পালিয়ে যান। তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম জানান, তরিকুল কোথায় গেছেন, তিনি জানেন না।
স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে জানা যায়, স্বর্ণের চালান ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে উপজেলার বাঘাডাঙ্গা বাজারে বেশকিছুদিন আগে ইব্রা-আকালে (তরিকুল ইসলাম) দু’জন মিলে শামীম ও মন্টুকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। ওই মারামারির ঘটনায় শামীমের মাথা কেটে যায়। ওই ঘটনায় ইব্রা ও আকালের বিরুদ্ধে মামলা হলে দু’জনকে বেশকিছু হাজতবাস করতে হয়। জেল থেকে বের হয়ে ইব্রা ও আকালে বাড়িতে আসার পর শমীম ও মন্টুসহ লোকজন তাদের বাড়িতে হামলা করে ওদের দু’জনকে মারার জন্য। এ সময় হামলা থেকে বাঁচার জন্য অবৈধ অস্ত্র (আগ্নেয়াস্ত্র) তাদের দিকে তাক করে প্রথমে সতর্ক করে। তারপরও শামীম, মন্টু যখন বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তারা গুলি করে। ওই গুলিতে তারা মারা যায়।
শামীমের চাচাতো ভাই মান্নান জানান, ২ মাস আগে বিজিবির হাতে স্বর্ণের একটি চালান ধরা পড়ে। গ্রামের আকালে (তরিকুল ইসলাম) ওই স্বর্ণের চালান ধরিয়ে দেন বলে অভিযোগ করে অন্য কারবারিরা। এ নিয়ে বাঘাডাঙ্গা বাজারে মারামারির ঘটনাও ঘটে। ওই মারামারিতে আকালেরা শামীমকে মেরে মাথা ফাটিয়ে দেয়। ওই ঘটনা এখনও মিমাংসা হয়নি। বুধবার শামীমরা আকালেদের বাড়িতে যায় প্রতিশোধ নিতে। এ সময় ইব্রারা প্রকাশ্যে গুলি করে। শামীমের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এবং মন্টুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বাঘাডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত দুই মাস আগে আকালেদের (তরিকুল) সঙ্গে শামীমদের মারামারির ঘটনা ঘটে। ওই মারামারিতে শামীমের মাথা কেটে যায়। আকালেদের (তরিকুল) বিরুদ্ধে মামলা হলে, ইব্রা-আকালে (তরিকুল) কিছুদিন জেল খেটে বাড়িতে এসেছে। শামীমরা ওই মারামারির প্রতিশোধ নিতে আকালের বাড়িতে আসে। আকালের (তরিকুল) বাড়িতে হামলা হলে তিনি প্রথমে অস্ত্র বের করে তাদের (শামীম-মন্টু) চলে যেতে বলে। তারা না যাওয়ায় তিনি গুলি চালায়। এতে শামীম-মন্টু দু’জন নিহত হন। ঘটনার পর থেকে আকালে (তরিকুল) ও ইব্রা পলাতক রয়েছে।
তিনি আরও জানান, গুলি করে হত্যার ঘটনার পর থেকেই চোরাচালানের বিষয়টি সবার সামনে আসে। তাদের বিরুদ্ধে এর আগে কখনও এমন অভিযোগ পাওয়া যায়নি।
মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান, প্রকৃতপক্ষে ওরা সবাই চোরকারবারি। কোন্দলের জেরেই গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আমাদের প্রাথমিক ধারণা স্বর্ণ চোরাচালানের ঘটনায় তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যার কারণে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি জানান, নিহত শামীমের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। হত্যাকাণ্ডের মূল অভিযুক্তসহ জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে হঠাৎ স্বর্ণ চোরাচালানকারিরা সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি বেশ কয়েকটি স্বর্ণের চালান আটকের পর বিষয়টি দৃশ্যমান হয়েছে। সর্বশেষ বুধবার (১৭ জানুয়ারি) মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে মহেশপুর ৫৮ বিজিবি। এ সময় রিমন হোসেন নামের একজনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ২০০১ সালের পর থেকে শুধু বাঘাডাঙ্গা সীমান্তে চোরাচালানের সময় বিএসএফের গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৩০৪টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। যেখানে ৩৮ কেজি ৪০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২৬ কোটি ২৯ লাখ ১৪ হাজার টাকা। এ সময় আট চোরাকারবারি আটক হয়েছে। মামলা হয়েছে মাত্র ১২টি।