সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মৌলভীবাজার শহরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (১৩ সেপ্টেম্বর) শহরের ওয়াপদা রোড ও বনশ্রী রোড এলাকায় পৃথক অভিযানে আইন লঙ্ঘনের দায়ে সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে যানবাহনের বিভিন্ন অনিয়ম এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিষয়গুলো তদারকি করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম শহরের ওয়াপদা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে, বনশ্রী রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারা অনুযায়ী পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজার শহরে সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রতিপালন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।