জাতীয়

২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে আবেদন করতে হবে: ইসি সচিব

  ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে আবেদনের জন্য এক মাস দশ দিন সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের লক্ষ্যে আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করলো ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯।

সোমবার ( ১০ মার্চ ) রাজধানীর নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নতুন দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান, তারা আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করতে পারবেন।

এরপর পযালোচনা ও যাচাই বাছাই করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

বিদ্যমান আইন-বিধি মেনেই আবেদন করতে হবে। নতুন করে শর্তারোপ বা শর্ত শিথিল করা হয় নি বলে জানিয়েছে সচিব। 

সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়। 

চলতি বছরের ডিসেম্বরে ভোট করতে অক্টোবরে তফসিল দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে কমিশন।

নতুন দলের আবেদন নেওয়ার পর তা যাচাই-বাছাই করতে তিন-চার মাস সময় লাগে। সে হিসেবে অগাস্টের মধ্যে কাজটি শেষ করতে চায় বর্তমান কমিশন।

বিদ্যমান আইন-বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য।

দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।

নিবন্ধনের শর্ত

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়।

১. দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো জাতীয় নির্বাচনের আগ্রহী দলটি যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন।

২. যে কোনো একটি নির্বাচনে দলের প্রার্থী অংশ নেওয়া আসনগুলোতে মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ পায়।

৩. দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ [২১টি] প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকে।

নতুন দলের নিবন্ধন পেতে তৃতীয় শর্তটি পূর্ণ করতে হবে। ১ ও ২ নম্বর শর্ত নতুন দলের পূরণের সুযোগও নেই।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর