মাদারীপুর-১ (শিবচর) আসনে এক নির্বাচনী জনসভায় ভান্ডারীকান্দিতে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে একবার প্রধানমন্ত্রী হয়েছেন। ৭ জানুয়ারির পর সে ইনশাল্লাহ্ ৫ বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে শেষ করতে চেয়েছিল। এখন তারই মেয়ে পৃথিবীর মধ্যে রেকর্ড করবেন ৫ বারের প্রধানমন্ত্রী হয়ে। এটা একটা বিশ্ব রেকর্ড হবে। ধারাবাহিকভাবে টানা ৪ বারের প্রধানমন্ত্রী হওয়া পৃথিবীর অনেক দেশে নাই। এটাও একটা রেকর্ড হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাদারীপুর-১ (শিবচর) আসনে এদিন তিনি ভদ্রাসন ও ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চিফ হুইপ আরো বলেন, ইচ্ছা করলেই আপনি কারো পরিবারকে শেষ করতে পারেন না। গুলি করে খুন করেই একটা পরিবার শেষ হতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারছেন, তার পরিবারকে হত্যা করেছেন। কিন্তু তার আদর্শকে কেউ এ দেশ থেকে হত্যা করতে পারেননি। যার কারণে আওয়ামী লীগ এখনো অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতো, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। এ দেশের উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছে কাজ করছে। বঙ্গবন্ধুর মেয়ে তার বাবার চোখে এ দেশ দেখে বাবার অসম্পন্ন কাজ করছে।