দেশের খবর

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ২৭৩ জনকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে সাগরের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।  রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন বলে স্বীকার করেন।

 

 

নৌবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ শনিবার দিবাগত রাতে সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। সেন্ট মার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামানোর সংকেত দেয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে নৌকাটিকে আটক করে নৌবাহিনী।

 

 

আটকের পর নৌকায় থাকা দালালচক্রের ১০ সদস্যকে চিহ্নিত করে মানবপাচারের শিকার ২৬৩ জনকে আটক করা হয়।

 

নৌবাহিনী জানায়, দালাল চক্রের মাধ্যমে ২৬৩ জন মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে নৌকায় যাত্রা করে। নৌকায় ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার, পানি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত বলে নৌবাহিনীর আশঙ্কা। 

 



সম্পর্কিত খবর