বাঁশখালীতে চাঁদা না পেয়ে আগাম হুমকি দিয়ে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ওই মৎস্য ঘেরে ১২ লক্ষাধিক টাকার মাছ মরে গেছে। সোমবার (২১ জুলাই) উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রজেক্ট মালিক মাওলানা রুহুল কবিম ওই এলাকার মাওলানা রফিউল করিমের ছেলে। তিনি ইসলামিক ফাউণ্ডেশনের বাঁশখালী উপজেলা ফিল্ড সুপার ভাইজার।
জানা গেছে, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাওলানা রুহুল করিমের দুটি মৎস্য প্রজেক্টে রয়েছে। সোমবার একটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন দুষ্কৃতকারীরা। এর আগে গত ১৯ জুলাই রবিবার থেকে একটি নাম্বারের (০১৩৪৩১১৯১৫৪) হোয়াটসঅ্যাপ থেকে দুটি মৎস্য ঘেরের বিপরীতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় মাছ লুট এবং ক্ষতি সাধনের হুমকি দেন। এর মধ্যে সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মাওলানা রুহুল করিমের মৎস্য ঘেরের সব মাছ মরে ভেসে উঠছে। পরে এলাকাবাসীসহ মৎস্য ঘেরের পাড়ে বিষের বোতল দেখতে পান। রুহুল করিম জানান, আমার সাথে এলাকায় কারো শত্রুতামি বা বিদ্বেষ নেই। দুই দিন আগ থেকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে অপরিচিত ব্যক্তিরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার সর্বনাশ করেন। তিনি জানান, বিষ প্রয়োগের ঘটনায় তার ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় এজহার দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মশিউল আলম শিবলী জানান, এটি অত্যান্ত অমানবিক ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে বের করা দরকার।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। হুমকি দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে তদন্ত চলছে।