নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার তারোয়া, ডিসি অফিসসংলগ্ন এলাকা ও হাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস নরসিংদীর ব্যবস্থাপক (ম্যানেজার) আহমাদউল্লাহ।
অভিযান চলাকালে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক সাতটি মামলায় সাতজনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযানকে একটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।