খুলনা

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মাহাবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ মাহাবুবার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সামনের মাঠে এ অনুষ্ঠান হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আওয়ামী লীগের প্রেতাত্মারা বিএনপির কারও কারও ঘাড়ে ভর করে আমাদের কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন করবে, এটা মেনে নেওয়া হবে না।” পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে গ্রেপ্তার করবেন, এটাও হতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট যাঁরা বিএনপির দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছিলেন, আগে তাঁদের গ্রেপ্তার করুন। তাহলেই মরহুম মাহাবুবার রহমানের আত্মা শান্তি পাবে।” এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্লা, মোশাররফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



সম্পর্কিত খবর