জাতীয়

আম প্রতীক নিয়ে এনপিপির দুপক্ষের শুনানি শেষ, ইসির সিদ্ধান্তের অপেক্ষা

নির্বাচনী প্রতীক আম নিয়ে দ্বন্দ্ব সমাধানে এবার  নির্বাচন কমিশনের (ইসি) শরণাপন্ন হয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) দুই অংশের শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তিন দিনের ব্যবধানে দুই পক্ষের সঙ্গে প্রতীক নিয়ে শুনানি করেছে ইসি। তবে, আম প্রতীক কারা বরাদ্দ পাচ্ছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত সম্প্রতি জানাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রোববার (৯ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।  

এরআগে, এনপিপির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ইসির শুনানিতে অংশ নেন। শুনানি শেষে তিনি বলেন, আমরা দরখাস্ত করেছিলাম আমাদের আম প্রতীক ফিরিয়ে দিতে। আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায়বিচারের জন্য আজকে শুনানি হয়েছে। আমরা কোর্টে দরখাস্ত করেছিলাম সেটার অর্ডার এসেছে যে এটাকে ন্যায়বিচার সঙ্গত করে আমাদের জানান। শুনানি খুব সৌহার্দপূর্ণ হয়েছে।কমিশনার খুব ধৈর্য ধরে শুনেছে এবং বলেছেন আমাদের দাবি বাস্তবসম্মত। তারা ন্যাবিচার করবেন বলে জানিয়েছেন।

২০০৭ সালে জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে গঠিত হয় এনপিপি। ওই সময় দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পান ফরিদুজ্জামান ফরহাদ। পরের বছর দলটি আম প্রতীকে ইসির নিবন্ধন পায়। 

২০১৪ সালের ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে দলটি। ওই সময় থেকেই দলটি দুই অংশ বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে একটি অংশ বিশদলীয় জোটে রয়েছে এবং আরেকটি অংশে নেতৃত্বে গঠিত হয় এনডিএ জোট।

বিভক্তির পর ২০১৫ সালে ‘আম’ প্রতীকটি নিজেদের বলে দাবি করে ইসিতে আবেদন করেন ফরহাদ। পরে ২০১৬ সালের মে মাসে শুনানি করে নিলুর হাতেই ‘আম’ প্রতীক তুলে দেয় ইসি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সম্প্রতি আবারও প্রতীক নিজেদের দাবি করে আবেদন জমা দেন। এর পরিপ্রেক্ষিতে উভয় অংশের সঙ্গে প্রতীক নিয়ে শুনানির আয়োজন করে ইসি।

আজ শুনানি শেষে একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, 'আজকে আমাদের শুনানি ছিল। ২০০৭ সালে আমাদের দল গঠন হয় ন্যাশনাল পিপলস পার্টি। ২০০৮ সালে আমরা আম মার্কায় নিবন্ধন পাই। এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন নীলু সাহেব শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারে থাকার কারণে আমরা তাকে দল থেকে বহিস্কার করে দিয়েছিলাম। তখনকার নির্বাচন কমিশনার আমাদের আম প্রতীক না দিয়ে নীলু সাহেবকে দিয়েছিল। সেটার প্রতিবাদে আমরা দরখাস্ত করেছিলাম আমাদের আম প্রতীক ফিরিয়ে দিতে।

এনপিপির অন্য অংশের দাবি, আপনাকে দল থেকে বহিস্কার করা হয়েছে- এমন দাবির প্রেক্ষিতে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, কথার পাল্টা কথা তো থাকবেই। যেমন শেখ হাসিনা বলেছিলেন, দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা আছে। সবকিছু আছে। সবকিছু থাকলে শেখ হাসিনাকে কেন দেশ থেকে পালাতে হলো। পাল্টা কথা তো থাকবেই। আমিই তাকে (নীলু) বহিস্কার করেছিলাম। দলের ১৪ জন সভাপতিমণ্ডলীর সম্মতি ক্রমে তাকে বহিস্কার করা হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার ইসির ডাকে শুনানিতে অংশ নেন এনপিপির অন্য অংশের চেয়ারম্যান সালাউদ্দিন ছালু। শুনানি শেষে তিনি বলেছিলেন, 'ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনো আমার নামই আছে। কমিশন বলেছে, তারা (এনপিপি) অন্য অংশ) তো একটি আবেদন দিয়েছে। এটি খণ্ডন করে আমাকে একটি চিঠি দিতে বলেছে ইসি।’

দুই পক্ষের শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আজ আম প্রতীক নিয়ে শুনানি শেষ হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর