খেলাধুলা

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের মাঠেই ফাইনালিসিমা

নিজের আজন্ম স্বপ্ন যে মাঠে পূরণ করেছেন লিওনেল মেসি সেই লুসাইল স্টেডিয়ামে আরেকবার মাঠে নামবছেন তিনি। এবার আরেকটি ট্রফি জয়ের লক্ষ্যে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। আজ নতুন নামে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় ফাইনালিসিমার ভেন্যু ও তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এমন দিনে ঘোষণাটা এসেছে যেদিন আবার ৩৬ বছর পর তৃতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে।

 

 

ঠিক ৩ বছর আগে এই দিনে (১৮ ডিসেম্বর ২০২২) কাতারের লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রফির উল্লাস করেন মেসি-আনহেল দি মারিয়ারা।

 সেই লুসাইলেই আগামী বছরের ২৭ মার্চ আরেকটি ট্রফি শোকেসে তোলার জন্য নামবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ ইউরো জয়ী স্পেন। তাতে দেখা হবে ফুটবলের কিংবদন্তি বনাম ভবিষ্যত ফুটবলের মহাতারকার।

 

মেসি বনাম লামিনে ইয়ামাল।

দ্বিতীয়বারের মতো ফাইনালিসিমা হতে যাচ্ছে। প্রথমবার হয়েছে ২০২২ সালে। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি।

ফাইনালে ইউরো জয়ী ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জেতে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে অবশ্য দুইবার হয় এই টুর্নামেন্ট তবে ভিন্ন নামে। ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যেকার ফাইনালের নামকরণ এখন করা হয়েছে ফাইনালিসিমা।

 



সম্পর্কিত খবর