বিলিয়নিয়ারদের তালিকায় নাম লেখালেন ব্রিটিশ সংগীতশিল্পী পল ম্যাককার্টনি। ফোর্বসের হিসাবে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪০ কোটি ডলার।
এই সম্পদ নিয়ে বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বিটলসের সাবেক এই সদস্য।
গত ৯ নভেম্বর ফোর্বসের নতুন নিউজলেটার ‘দ্য বিলি’ প্রকাশের সঙ্গে ম্যাককার্টনির সম্পদের এই হিসাব সামনে আসে। তার সংগীতের স্বত্ব, প্রকাশনা ব্যবসা, বিশ্বজুড়ে কনসার্ট, বিভিন্ন শিল্পকর্মের সংগ্রহ ও সম্পত্তি থেকে বড় অঙ্কের আয় আসে বলে জানিয়েছে সাময়িকীটি।
ফোর্বসের তালিকায় সংগীতশিল্পীদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছেন জে-জি।
তার সম্পদের পরিমাণ ২৮০ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা টেইলর সুইফটের সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। আর ১৪০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে পল ম্যাককার্টনি।
ম্যাককার্টনির সম্পদের বড় অংশ এসেছে তার প্রকাশনা প্রতিষ্ঠান এমপিএল কমিউনিকেশনস থেকে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান তার নিজের গানের পাশাপাশি বিভিন্ন শিল্পীর গানের স্বত্ব পরিচালনা করে। বাডি হলির গানের স্বত্ব, ব্রডওয়ে মিউজিক্যালের গান এবং জনপ্রিয় বড়দিনের গানগুলোর স্বত্বও তার সম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ফোর্বসের হিসাবে, এসব স্বত্বের মূল্য প্রায় ২৫ কোটি ডলার।