রাজনীতি

ইবিতে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।  রোববার (২৯ জুন) বেলা ১১ সাড়ে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এসময় ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. কে.এম মতিনূর রহমান, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের ইবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং কমিনিউকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান।

 

এছাড়া অনুষ্ঠানে ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো খণ্ডিত ব্যক্তিত্ব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপামর বাংলাদেশের জনগণের আদর্শ। বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতির আদর্শ, ব্যাখ্যা, চিন্তাধারা ও দর্শন আমাদের কাছে নতুন নতুনভাবে প্রতিফলিত হতে থাকবে। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তার ভিত্তিমূল হতে হবে বাংলাদেশী জাতীয়তাবাদ। একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হলে শহীদ রাষ্ট্রপতির আদর্শকে ধারণ করতে হবে। তাহলেই বাংলাদেশ হবে মায়া-মমতা, মিউচুয়ালিটির দেশ, হবে ঐক্যবন্ধনের দেশ। আর এই বাংলাদেশের আদর্শের নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী দিনে যেই বাংলাদেশের ক্ষমতায় আসুক তারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-চেতনা ধারণ করে, তাহলে এই রাষ্ট্রও চালাতে হবে তার দর্শনভিত্তিক। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল তখনই বিচ্যুত হবে যখন তার দর্শনের উপরে থাকবে না। আর তার দর্শনের উপরে যদি থাকে তখন তার স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে। 

 



সম্পর্কিত খবর