খুলনা

ইসলামের ভুল বার্তা ছড়ানো রুখে দেওয়ার আহ্বান অনিন্দ্য ইসলাম অমিতের

একটি পক্ষ সমাজে ইসলামের ভুল বার্তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে যশোর শহরের একটি অভিজাত হোটেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জমিয়াতুল মোদার্রেছীন যশোর সদর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "যারা নবী-রাসূল ও সাহাবায়ে কেরামদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তারা আজ ইসলামের ইজারা নেওয়ার চেষ্টা করছে। আলেমদের দায়িত্ব হলো ইসলামের সঠিক বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই অপশক্তিকে রুখে দেওয়া।" তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিশেষ করে নারীদের মধ্যে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে, যা মোকাবিলায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।

 

সংগঠনের যশোর সদর শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি এম এম বাহাউদ্দীন এবং সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

 

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে মাশায়েখগণ অংশ নেন।



সম্পর্কিত খবর