সপ্তাহের শেষ কর্মদিবসের সকালে টিপটিপ বৃষ্টি আর তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার পর থেকেই মিরপুর, ক্যান্টনমেন্ট, বিশ্বরোড, এয়ারপোর্ট ও টঙ্গীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চলমান এইচএসসি পরীক্ষা এবং কর্মজীবী মানুষের অফিসমুখী চাপ-সব মিলিয়ে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরীক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি ও বিভিন্ন কারণে সকাল থেকেই মিরপুর এলাকা থেকে ক্যান্টনমেন্ট, বিশ্বরোড, এয়ারপোর্ট ও টঙ্গী রোডমুখী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছে।
যানজটের তীব্রতা এতটাই যে, এর লেজ বিশ্বরোড ছাড়িয়ে র্যাডিসন ব্লু হোটেলের সামনে দিয়ে এয়ারপোর্টের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়।
একই অবস্থা দেখা গেছে বিপরীত দিকেও। উত্তরা ও এয়ারপোর্ট থেকে বনানী, কাকলী ও ফার্মগেটমুখী যানবাহন খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় এসে দীর্ঘ সময় আটকে থাকে। ফলে গণপরিবহনের তীব্র সংকটে নাকাল হতে হয় অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষকে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। যানজটের কারণে অনেক পরীক্ষার্থীকে পায়ে হেঁটে কিংবা রিকশায় ভিজতে ভিজতে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
মিরপুরের বাসিন্দা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমার বাসা মিরপুরে, অফিস বাড্ডা রোডে। অনেকক্ষণ বাসে বসে থাকার পর এখন হেঁটে রওনা হয়েছি। বিশ্বরোড পর্যন্ত হেঁটে গিয়ে রিকশায় অফিসে যেতে পারব-এ ছাড়া আর কোনো উপায় নেই। আজ বৃষ্টি, আবার পরীক্ষা চলছে-সব মিলিয়ে ভোগান্তি বেশি। এ বিষয়ে গুলশান ট্রাফিক জোনের ইসিবি চত্বরের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ মতিন বলেন, আজ বৃহস্পতিবার, মাসের শুরু ও সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় চাপ বেশি। এর মধ্যে এইচএসসি পরীক্ষা চলছে এবং টিপটিপ বৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট আরও বেড়েছে।
তিনি বলেন, ইসিবি চত্বরের যানজট বিশ্বরোড ও এয়ারপোর্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা খিলক্ষেত ১ নম্বর গেট পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় ইউ-টার্ন ও লেফট-টার্ন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে শুধু সোজা রুটে যান চলাচল করানো হচ্ছে। ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক সচল রাখার চেষ্টা চলছে, এতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনারের (এসি) তত্ত্বাবধানে দুইজন সার্জেন্ট ও সাতজন কনস্টেবল ইসিবি চত্বর, কালশী রোড ও বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে কাজ করছেন বলেও জানান তিনি।