ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি জাতের গরু রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক আব্দুর রাজ্জাকের পরিবার।
স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বসতবাড়ির পাশে থাকা গোয়ালঘরের তালা ভেঙে এ তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।