ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বেআইনি সমাবেশ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ পাহারায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে ও চাপরাইল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তাজিম হোসেন (২৬), আরপাড়া (নদীপাড়া) গ্রামের মো. রিপন মিয়ার ছেলে ও পৌর ছাত্রলীগের সহসভাপতি রিফাত মিয়া (২৫) এবং একই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক কর্মী রমজান আলী (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে খবর আসে ঝিনাইদহ-যশোর মহাসড়কের আরপাড়া 'হক চিড়া মিলের' সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী একত্রিত হয়ে সংগঠন পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দিচ্ছেন।
সংবাদের ভিত্তিতে ভোরে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। পরে সংগীয় ফোর্সের সহায়তায় ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় এজাহারনামীয় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব বিনষ্টের উদ্দেশ্যে বেআইনি সমাবেশ করছিলেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে (এফআইআর নম্বর-১৯, তারিখ: ২৮/০৮/২০২৬) মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।