খুলনা

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী সবুজ ও শিপনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সবুজ, শিপন ও বন্দেরের বিরুদ্ধে অভিযোগ তুলে কুষ্টিয়া মডেল থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ।

 

অভিযোগকারী রোকসানা খাতুন অভিযোগে জানান, চর মিলপাড়া আবাসনের চেয়ারম্যান শহিদুলের ছেলে সবুজ(২৫), শিপন(২৭) ও একই এলাকার বন্দের (৪৫) ও সবুজের স্ত্রী তানিয়া(২০) সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে। তিনি ও তার পরিবার এবং প্রতিবেশীরা মিলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুমানিক সন্ধ্যা  ৬টা ২০ মিনিটের দিকে তার ছোট ছেলে মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় শিশুটি আতঙ্কিত হয়ে পড়ে এবং পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগকারী আরও দাবি করেন, মাদক ব্যবসা বন্ধের কথা বলায় অভিযুক্তরা তাদের বাড়িঘরে হামলার হুমকিও দিয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কুষ্টিয়া মডেল থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মাদকের বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। 



সম্পর্কিত খবর