তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।
জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।