গাজীপুরে সড়ক সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদে ও দ্রুত ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পুরাতন সুরমা হোটেলের সামনে “চান্দনা চৌরাস্তা ব্যবসায়ী বৃন্দ” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মফিজ লাইব্রেরির স্বত্বাধিকারী হাজ্বী মো. সালাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রাজু মোল্লা, আজমল হোসেন, ফিরোজ আহমেদ, আলী আকবর, নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম ও আশরাফুল আলমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় চার মাস আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পথচারীদের চলাচলের রাস্তা ভেকু দিয়ে খনন করে ড্রেন নির্মাণের কাজ শুরু করলেও তা এখনো সম্পন্ন করেনি। প্রায় ১০০০ ফুট রাস্তা খনন করে ফেলে রাখায় ৫ থেকে ৬ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিনই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন—কেউ হাত-পা ভেঙে পঙ্গু হচ্ছেন, কেউ আহত হচ্ছেন। ব্যবসায়ীরা আরও বলেন, রাস্তার এই বেহাল অবস্থার কারণে তাদের দোকানে ক্রেতা আসা কমে গেছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের দাবি জানান।
স্থানীয়রা জানান, মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া এ কাজের অর্ধেকও এখনো সম্পন্ন হয়নি। এতে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজট ও জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ব্যবসায়ীরা হুঁশিয়ারি দেন, দ্রুত সংস্কার কাজ শেষ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।