ঢাকা

গাজীপুরে বিএনপির চার ও জামায়াতের এক প্রার্থী বিজয়ী

গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফলে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিএনপির মো. মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। গাজীপুর-২ আসনে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

 

গাজীপুর-৩ আসনে বিএনপির এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট। এদিকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে চমক দেখিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবী। তিনি ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। গাজীপুর-৫ আসনে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এ কে এম ফজলুল হক মিলন।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, “গাজীপুরের পাঁচটি আসনেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জনগণের রায় অনুযায়ী আমরা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছি।” এই জয়ের মাধ্যমে গাজীপুরে বিএনপি তাদের আধিপত্য বজায় রাখল, অন্যদিকে কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামী শক্তিশালী অবস্থান নিশ্চিত করল।



সম্পর্কিত খবর