চট্টগ্রাম প্রতিদিন

ছাগলনাইয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, ২ নারী আটক

ফেনীর ছাগলনাইয়ায় করিম উল্যাহ প্রকাশ কালামিয়া (৬০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালের দিকে পৌরসভার বাঁশপাড়া জমাদ্দার বাজারের উত্তর পাশে বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। নিহত করিম উল্যাহ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে। পরিবারের দাবি, দোকান থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

 

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারি দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নম্বরে একাধিকার ফোন করেন তিনি। ফোন না ধরায় তার স্বামী আনোয়ার হোসেনকে দোকানে পাঠান। দোকান খোলা থাকলেও কালামিয়া দোকানে ছিলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন আনোয়ার।

 

নিহতের বড় মেয়ে সাহেনা আক্তার জানান, সকালে এক ব্যক্তির মাধ্যমে খবর পান তার বাবার মরদেহ তাদের বাড়ির পাশে গাছ বাগানে পড়ে রয়েছে। তার ধারণা, তার বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বাবার সঙ্গে কারও বিরোধ ছিল না বলে দাবি তার। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক এবং বিচার দাবি করেন।

 

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানান, তিনি সকালে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন গাছ বাগানে কালামিয়ার মরদেহ পড়েছিল। মরদেহে আঘাতে কোনো চিহ্ন নেই। তার ধারণা, কালামিয়াকে অণ্ডকোশ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে মনে হচ্ছে, ঘটনাটা হত্যা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। রহস্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।



সম্পর্কিত খবর