সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নব্বির খান (৩৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত নব্বির খানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর নোয়াপাড়া (খানবাড়ি) গ্রামের মদরিছ খানের পুত্র।
জানাযায়, সৈয়দপুর নোয়াপাড়া (খানবাড়ি) গ্রামের মদরিছ খানের পুত্র মছব্বির খান ও একই গ্রামের সুলেমান খানের পুত্র রফিকুল ইসলাম খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরেই জের ধরে মঙ্গলবার বিকেলে খান বাড়ির সামনে সড়কে প্রতিপক্ষ রফিকুল ইসলাম খান, আমিরুল ইসলাম খান উরফে দুলাই খানের লোকজন নব্বির খানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত নব্বির খানের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবারের লোকজন জানিয়েছেন।