ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. জামাল উদ্দিনের ইন্তেকাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এক শোকবার্তায় উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনকালে ড. জামাল উদ্দিন আহমেদ নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও আদর্শ শিক্ষক। উচ্চশিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।”

 

শোকবার্তায় উপাচার্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তাঁর মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে।

 


সম্পর্কিত খবর