জামালপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশে কোজগড় মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধারে এক পরিত্যক্ত স্থানে সোমবার বিকালে ৭০ বছর আগের মর্টার শেলটির সন্ধান পাওয়া যায়। পুরো জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তায় ঘিরে রাখেন।
জানা যায়, কোজগড় নবরত্ন সরকারি প্রাথমিক বিদ্যলয়ের পাশে ইউপি সদস্য কামরুজ্জামান বাবুলের ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর আলম সবার আগে মর্টার শেলটি দেখতে পান। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খবর পেয়ে জায়গাটি বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে রাখেন।
রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরাব হোসাইন, ওসি (ডিবি) কাজী শাহ নেওয়াজ, সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরসহ র্যাব কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিমের ক্যাপ্টেন মুনতাছিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়। এসময় ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে সব ধরনের যান বাহন চলাচল বন্ধ ছিল। পরিত্যক্ত স্থানে মাটির নিচে এটি নিষ্ক্রিয় করা হয়। তখন বিকট শব্দ শোনা যায়। এ সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, র্যাব- ১৪ জামালপুর কর্মকর্তা মেজর মোঃ আবরার ফয়সাল সাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস, সদর এএসপি সোহরাব হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। আরও জানা যায়, মর্টার শেলটি ১৯৫৩ সালের তৈরি। এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ট্যাঙ্ক বিস্ফোরণ কাজে ব্যবহৃত হতো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, মর্টার শেলটি ডিস্পোজাল এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছিল। বোম ডিস্পোজাল টিম আসার আগ পর্যন্ত সাধারণ মানুষদের চলাচল বন্ধ ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জায়গাটি নিরাপত্তা চাদরে ঘিরে রাখার নির্দেশ দেয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল টিম এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।