ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে ভোটের মাঠে নতুন চমক সৃষ্টি করেছেন জাসাসের কেন্দ্রীয় নেতা ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান।
তিনি এই আসনের যেদিকেই গণসংযোগে যাচ্ছেন সেখানেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সাধারণ নারী জনগণ, তরুণী, যুবতী নারী ভোটাররা দলে দলে তাঁর কাছে ছুটে আসছেন এবং বলছেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাকে ভোট দিয়ে এমপি পদে নির্বাচিত করতে চাই।" এছাড়া অনেকে দূর থেকে তাঁরা হাত নেড়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন। আশ্বাস দিচ্ছেন, যদি তিনি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হন তবে তাঁর পক্ষে নারী ভোটাররা মাঠে নামবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন।
সরেজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, এরই মধ্যে কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহের কোটচাঁদপুর ও সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের তৃণমূল ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। ধানের শীষের পক্ষে আয়োজিত সভা, সমাবেশ ও শোডাউনে মনির খানের অংশগ্রহণের ফলে নারী ভোটারদের মাঝে উৎসব আনন্দের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে আরও জানা যায়, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে শিল্পী মনির খান ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে দলের হাই কমান্ডের কাছে আবেদন করেছেন। এর আগে ২০১৮ সালে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে সে দফায় মনোনয়ন না পেলেও তিনি বিএনপির পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালান। এবার আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করে এই আসনের দুই উপজেলায় ভোটের মাঠ চষছেন। রাত দিন অবিরাম ছুটে চলেছেন নির্বাচনী এলাকায় জনগণের দ্বারে দ্বারে। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে তাঁর উপস্থিতির সংবাদে নারী ভোটাররা দলে দলে আসছেন। কারণ তাঁর প্রতি ভিন্ন এক আকর্ষণ রয়েছে নারী ও তরুণ-যুব শ্রেণির ভোটারদের। বলতে গেলে মনির খানের অদৃশ্য জাদুকরের কাঠি মন কেড়ে নিচ্ছে সব শ্রেণির ভোটার জনগণের মন। তিনি যেন ভালোবাসার বন্ধনে সবাইকে বন্দি করে নিচ্ছেন। মোট কথা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে আলোড়ন তুলেছেন তিনি। বিশেষ করে, মনির খানকে একনজর দেখতে এসব সভা-সমাবেশে নারী ভোটারদের ব্যাপক সমাগম হচ্ছে। মহেশপুর-কোটচাঁদপুর নির্বাচনী এলাকায় নারী ভোটারদের ধানের শীষে আগ্রহী করতে মনির খানের কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে।
বিএনপি'র স্থানীয় একাধিক নেতা বলেন, মনির খান ভোটের মাঠে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তাতে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন তিনি। তাঁর বর্তমান প্রচার-প্রচারণা হচ্ছে, "ধানের শীষ প্রতীক যার, ভোট দিবো সবাই তাঁর" এই স্লোগানে ভোটের মাঠে সবাই যেন তাঁকেই সমর্থন করছেন বলে সাধারণ ভোটাররা মনে করেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনির খান যেন সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় আসছেন আম-ভোটারদের কাছে। ভোটের মাঠে দেখা হলে মনোনয়নপ্রত্যাশী মনির খান বলেন, "স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ জাতিকে যে পথ দেখিয়ে গেছেন, সেই আদর্শ বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি কর্মীকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে আবারও মাঠে নেমেছি। আমরা বিজয় অর্জন করব, এই বিশ্বাস দৃঢ়তার সাথে ব্যক্ত করেন তিনি।" তিনি বলেন, "আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনিই পাবেন, আমরা সবাই তাঁর পক্ষেই কাজ করব। দল যোগ্য বিবেচনা করে আমাকে মনোনয়ন দিলে, আমি সবাইকে নিয়ে কোটচাঁদপুর-মহেশপুর জনপদের সার্বিক উন্নয়নে কাজ করব। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত জনপদ নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে।"