দেশের খবর

ঝিনাইদহে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, ২৪ ডিসেম্বর তাদের নামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথক মামলা হয়। ওই মামলার শুনানিতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম।

 

পরে গত ২৬ ডিসেম্বর আদালতে মামলা দু’টির সমন জারি হয়। সেখানে তাদেরকে বুধবার সশরীরে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণ করতে বলা হয়। তবে বুধবার বিকেল ৫টা পর্যন্তও তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।



সম্পর্কিত খবর