ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)। তারা একই আলমসাধুর যাত্রী ছিলেন এবং পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী অপর আলমসাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে চারজন মিলে দুটি আলম সাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। পথের মাঝে মধুপুর নামত স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। আমাদের গাড়ি ঘুরিয়ে এসে দেখি দুইজনাই মরে পড়ে আছে। ঝামেলা হবে ভেবে লাশ নিয়ে নিজ গ্রামে ফিরে আসি। ঘন কুয়াশায় কি ঘটেছে বলতে পারছিনে। বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ভিড় করছেন নিহতদের বাড়িতে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।