ঢাকা

টাঙ্গাইলে খেজুরের রস খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহীদ নামে অষ্টম (৮ম) শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

 

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় আহত দুইজন একই গ্রামের জিহাদ ও হাসান।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মোটরসাইকেলে নয় (৯) জন কালিহাতীর ধানগড়া গ্রামে রবিবার ভোরে খেজুরের রস খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাকুটিয়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি বেইলি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


সম্পর্কিত খবর