ঢাকা

টাঙ্গাইলে প্রেমের দায়ে যুবক কারাগারে,মুক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামের যুবক সোহাগ প্রেমের জেরে গত চার মাস ধরে কারাভোগ করছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নামদার কুমিল্লি বাজারে গ্রামবাসীর উদ্যোগে তাঁর মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, কুমিল্লি গ্রামের মো. লোমান মিয়ার মেয়ে নাফিজা আক্তার লুবনার সঙ্গে একই গ্রামের সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে লুবনা গত দুই বছরে চারবার প্রেমিক সোহাগদের বাড়িতে চলে আসেন। পর্যায়ক্রমে স্থানীয় মাতব্বররা বুঝিয়ে লুবনাকে তাঁর বাবার কাছে রেখে আসতেন। সম্প্রতি লুবনা আবারও সোহাগের কাছে চলে এলে ক্ষিপ্ত হয়ে তাঁর পিতা লোমান মিয়া সোহাগকে আসামি করে অপহরণের মামলা (যার নম্বর নারী শিশু ১৫৭/২৫) দায়ের করেন। ওই মামলায় গত চার মাস ধরে সোহাগ টাঙ্গাইল জেলহাজতে আটক আছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের হিতৈষী মাতব্বর হাফিজ উদ্দিন ভূঁইয়া, খলিলুর রহমান, আশরাফ আলী মিঞা, মজিবর রহমান মিঞা, আবুল কালাম আজাদ, মো. জাহিদ মিয়াফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা আরও অভিযোগ করেন, মেয়ের বাবা ধনাঢ্য ব্যক্তি হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে এবং তৃতীয় পক্ষের যোগসাজশে প্রেমের বিষয়টি গোপন রেখে সোহাগের নামে অপহরণ মামলা দিয়েছেন। তাঁরা অবিলম্বে সোহাগের মুক্তি দাবি করেন। মুক্তি দেওয়া না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও মানববন্ধনে বক্তারা জানান।

মানববন্ধনে সোহাগের বাবা সহিদুল ইসলাম ও মা সূর্য ভানু কান্নাবিজড়িত কণ্ঠে ছেলের মুক্তির দাবি জানান।

মানববন্ধন শেষে নামদার কুমিল্লি বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।



সম্পর্কিত খবর